ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শনিবার দেশে আসছে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ :আইএসপিআর

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আগামী শনিবার দেশে আসবে। দেশে পৌঁছানোর পর তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হবে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।


আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে কাদুগলি লজিস্টিকস বেজে দায়িত্ব পালনকালে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর চালানো ভয়াবহ ড্রোন হামলার শিকার হন বাংলাদেশি শান্তিরক্ষীরা। ওই হামলায় ঘটনাস্থলেই ছয়জন শান্তিরক্ষী শহীদ হন। প্রাথমিকভাবে আটজন আহত হলেও পরে আরো একজনের আহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়ায় সংখ্যা দাঁড়ায় নয় জনে।হামলার পর আহত শান্তিরক্ষীদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়। বর্তমানে তারা কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সবাই আশঙ্কামুক্ত।


বাংলাদেশ সেনাবাহিনী নিহত ছয় শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন করপোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর); সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম); সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী); সৈনিক শান্ত মণ্ডল, বীর (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।


ads
ads
ads

Our Facebook Page

↑